চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইষে নির্বাচন পরবর্তী সহিংসতার রেশ কাটতে না কাটতেই আবারও তাণ্ডব চালিয়েছে দক্ষিণজেলা ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি গ্রুপ।
বুধবার (৩১ জানুয়ারি) উপজেলার দক্ষিণ আমিলাইষ ৬ নম্বর ওয়ার্ড গফুর মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় হামলার ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন একই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে মো: আরিফুল ইসলাম (২৩)।
সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক এমপি নদভী গ্রুপের সমর্থক সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসক বিষয়ক সম্পাদক মো. মিনহাজ উদ্দিনের (২৮) নেতৃত্বে তার সন্ত্রাসী গ্রুপের বেশ কয়েকজন এই হামলা চালায়। মো. মিনহাজ উদ্দিন একই এলাকার গফুর মেম্বারের বাড়ি এলাকার মাহমুদুল হকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. মিনহাজ উদ্দিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মো. আরিফুল ইসলামকে এলোপাতাড়ি রড, গাছ ও বাটাম দিয়ে পিটিয়ে গুরতর আহত করেছে। এ সময় তার সন্ত্রাসী বাহিনীর কামরুল ইসলাম (২৫), জাহেদুল ইসলাম (২৫), মো: বাবুল প্রকাশ পাড়া বাবুল, মো: রাজুসহ বেশ কয়েকজন তাকে গুরতর জখম করেছে। আহত আরিফুল ইসলাম এখনও গুরুত্বর অবস্থায় সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক জানান, আরিফুল ইসলামে হাতে, মাথায়, পায়ে গুরুতর আঘাত চিহ্ন এবং জখম করা হয়েছে। তাই আমরা নিবিড়ভাবে পরীক্ষা নিরিক্ষার পর বিস্তারিত জানাতে পারব।
আহত যুবক মো. আরিফুল ইসলাম হাসপাতালের বেডে অবস্থানরত অবস্থায় বলেন, মো. মিনহাজ আমাকে গুলি ধরে মেরে ফেলার চেষ্টা করে এবং তার সন্ত্রাসী বাহিনীর গ্যাংরা আমাকে লোহার রড, গাছের বাটাম দিয়ে হাতে, পায়ে গুরুতর আঘাত করেছে। তলপেটে লাথি দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। এর আগেও বেশ কয়েকবার তারা আমাকে এবং পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসক বিষয়ক সম্পাদক মো. মিনহাজ উদ্দিন বলেন, সমাজের রীতিনীতি ভাঙায় কিছু লোক তাকে চড় থাপ্পর মারার সময় আমি তাকে বাঁচাই। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সার্বিক পরিস্থিতি এবং মামলার তদন্তে পুলিশ কর্মকর্তা এসআই বক্কর বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে।
সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, অপরাধীদের কাউকে ছাড় দেয়া হবে না।