‘বড়লোকের বিটি লো’ দুই বাংলার মানুষের কাছে বহুল পরিচিত, জনপ্রিয় ও আলোচিত একটি গান। গানটির লেখক ও সুরকার বীরভূমের ‘ভাদু লোক সঙ্গীত’ গায়ক রতন কাহার। এবার ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হলেন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালে গায়ক, র্যাপার বাদশার ‘গেন্দা ফুল’ গানটি নিয়ে অনেক জল ঘোলা হয়। ওই গানের মধ্যে বাংলা লোকসঙ্গীত ‘বড়লোকের বিটি লো’ গানের একটি অংশ যোগ করা নিয়ে বিতর্ক চরমে ওঠে। বিতর্কের কারণ ওই গান ব্যবহার করা নয়, গানের আসল স্রষ্টাকে স্বীকৃতি না দেওয়া।
গানটির লেখক ও সুরকার বীরভূমের সিউড়ির বাসিন্দা রতন কাহার। পশ্চিমবঙ্গের অনেকেই বাদশাকে প্রকৃত তথ্য জানালে তিনি সঙ্গে সঙ্গে মূল শিল্পীকে স্বীকৃতি দেন। প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করেন এবং ৫ লক্ষ টাকাও দেন রতন কাহারকে।
ভাদু গান গেয়ে যৌবনকালে গায়কজীবন শুরু করেছিলেন রতন। পরে শুরু করেন গান বাঁধতে। জেলায় জেলায় ঘুরে গান শুনিয়েছেন। প্রসার ভারতীতেও গেয়েছেন। কিন্তু নিয়মিত সুযোগ পাননি সেখানেও। এ পর্যন্ত মোট ২৫০টিরও বেশি গান তৈরি করেছেন তিনি।
বিভিন্ন ধরনের গান গেয়ে জনপ্রিয়তা পেলেও আর্থিকবাবে স্বচ্ছল নন এ শিল্পী। একজন সংগীত স্রষ্টা হিসেবে জীবনের কাছে অনেক কিছুই তার পাওয়ার ছিল। কিন্তু তেমন কোনো প্রাপ্তি নেই এ সংগীত স্রষ্টার। তবে এবার সেই অপ্রাপ্তি যেন কিছুটা হলেও ঘুচে গেল।