চট্টগ্রামে অবস্থিত পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় স্প্রিং ২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার।
অনুষ্ঠানের শুরুতেই ফুল এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে অতিথিবৃন্দকে বরণ করে নেওয়া হয়। এরপর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একে একে বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, তোমাদের এখন আত্মোপলব্ধির সময়, আত্মোন্নয়নের সময়। শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে। এসব স্বপ্ন পূরণ করতে হলে জ্ঞানে-বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। বৃহৎ পরিসরে চিন্তা করতে হবে। তবে পড়াশোনা করে দেশত্যাগ না করে বরং বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. মো. ইসমাইল খান শুধু ডিগ্রি অর্জন নয় বরং সত্যিকার অর্থে মানবিক মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়া শিক্ষার্থীদের মুখস্ত বিদ্যা ছেড়ে বরং অর্থ বুঝে আনন্দের সহিত শিক্ষা গ্রহণের প্রতি জোর দান করেন। এবং শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহ প্রদান করেন তিনি।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য এবং একাডেমিক ও প্রশাসনিক এডভাইজার প্রফেসর ড. এম. মজিবুর রহমান নবীনদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব এ কে এম এনামুল হক শামীম এমপির নেতৃত্বে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইতোমধ্যে অনন্য উচ্চতায় পৌঁছেছে।
তিনি আরও বলেন, আজ থেকে তোমাদের নতুন পরিচয় তোমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা কথা দিচ্ছি বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যে ধরনের টেকনিক্যাল ও অন্যান্য যেকোন একাডেমিক সহায়তার প্রয়োজন হবে, তা আমরা নিশ্চিত করবো।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে মেধাবী, উপজাতি ও মুক্তিযোদ্ধা কোটায় মোট ৫৩ জনকে রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেছা বৃত্তি প্রদান করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি ও মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখতে পারলেই দেশ আন্তর্জাতিক মানের নাগরিক তৈরি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফসিউল আলম, কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডীন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সম্মানিত সদস্য জনাব এহসানুল হক রিজন, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. সেলিম হোসেন, বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষিক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক আসমা ইয়াসমিন এবং আইন বিভাগের প্রভাষক আরাফাত ইবনুল বাশার।