পেকুয়ায় আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১৫ ঘর

কক্সবাজারের পেকুয়ায় আশ্রয়ণ প্রকল্পের (মুজিব কিল্লা) ১৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোনো হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা মুজিবকিল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, জেলা পরিষদের সদস্য শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, বারবাকিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম।

স্থানীয় ইউপির নারী সদস্য জাহানারা বেগম বলেন, গভীর রাতে খোরশেদা বেগমের বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ইব্রাহিম, নুরুল আবছার, নুরুল হোসেন, শাহিন, বদিউল আলম, হুমায়ন, হানু আক্তার, দেলোয়ার, কবির আহমদ, রেজিয়া বেগম, তৌহিদ, জাফর আলম, সোহেল ও রহিমা বেগমের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন., ক্ষতিগ্রস্ত পরিবারে ১৫ বস্তা চাল দেওয়া হয়েছে। এছাড়া সালাহ উদ্দিন নামে এক সৌদি প্রবাসি তাদের নগদ অর্থ সহায়তা করেছেন বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্ত ভাঙারি ব্যবসায়ী তৌহিদুল ইসলাম বলেন, হঠাৎ ভোররাতে পাশের বাড়িতে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আমাদের শেষ করে দিয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষনিক না এলে অন্তত আরও ১৫টি বাড়ি আগুনের থাবা থেকে রক্ষা পেত না। এখন আমরা খোলা আকাশের নিচে বাস করছি।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পেকুয়ার স্টেশন ইনচার্জ শফিউল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।