আজ থেকে সিনেমা হলে ‘পায়ের ছাপ’
আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘পায়ের ছাপ’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ফরিদুর রেজা সাগর প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন সাইফুল ইসলাম মান্নু।
এ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নায়িকা মেঘলা মুক্তার। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাইফুল ইসলাম মান্নু, দীপা খন্দকার, মেঘলা মুক্তা, প্রাণ রায়, করবী মিজান, রিপন খান, ফুয়াদ নাছের বাবু প্রমুখ।
সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর আগামীতে ইমপ্রেস টেলিফিল্ম আরো ভালো ভালো কাজ করবে বলে জানান।
নির্মাতা সাইফুল ইসলাম মান্নু বলেন, ‘পায়ের ছাপ’ দেখলে জীবন, পেশা ও ভবিষ্যতের জন্য মায়া বাড়বে। গ্রাম থেকে শহরে এলে অনেকেই ভয় পায়। ‘পায়ের ছাপ’-এ এই ভয়কে জয় করার গল্প আছে, যা বিশেষ করে নারীদের অনুপ্রেরণা যোগাবে। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারীর যে অসামান্য ভূমিকা- তাই গল্পে তুলে ধরা হয়েছে।
হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানান নির্মাতা।
তেলুগু সিনেমায় আগেই অভিষেক হয়েছে মেঘলা মুক্তার। ‘পায়ের ছাপ’ প্রসঙ্গে তিনি বলেন, তেলেগু ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কোনো একটা জায়গায় অতৃপ্তি কাজ করেছে। সবসময় চাইতাম নিজের ভাষায় নিজের দেশে ভালো কাজ করতে। ‘পায়ের ছাপ’ তেমনই একটি সিনেমা। দর্শক সিনেমাটি দেখলে নতুন করে বাঁচার আগ্রহ পাবে।
ইতোমধ্যে পায়ের ছাপ-এর গান ও ট্রেলার প্রকাশ হয়েছে। এতে আরো অভিনয় করছেন দীপান্বিতা মার্টিন, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া।
ছবিটি প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা সিটি (ঢাকা), ব্লক ব্লাস্টার সিনেমাস- যমুনা ফিউচার পার্ক (ঢাকা), শ্যামলী সিনেমা- (ঢাকা), লায়ন সিনেমা- কেরানীগঞ্জ, সিনেস্কোপ- নারায়ণগঞ্জ, সিলভার স্ক্রিন- চট্টগ্রাম, চন্দ্রিমা- শ্রীপুর (গাজীপুর), ছায়াবাণী- ময়মনসিংহ, মধুবন সিনেপ্লেক্স- বগুড়া, শঙ্খ সিনেমা- খুলনা এবং চিত্রালী সিনেমা- খুলনা।