আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাইয়ে নৌকার মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেলের মনোনয়নপত্র দাখিলের সময় সংবাদ সংগ্রহে সাংবাদিককে বাধা সৃষ্টি করেছে ছাত্রলীগ নেতা মাসুদ করিম রানা।
জানা যায়, মিরসরাই উপজেলা পরিষদের সিঁড়িতে পুলিশের পাশে দাঁড়িয়ে সাংবাদিককে প্রবেশ করতে দেয়নি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিঁড়ির সামনে প্রতিবন্ধতা সৃষ্টি করে এই বাধা সৃষ্টি করা হয়।
এ সময় সাংবাদিক প্রবেশে বাধা দেয়ার কারণ জানতে চাইলে মাসুদ করিম রানাসহ বেশকয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী মারমুখী আচরণ করেন ও মেরে হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেন। পরিবেশ উত্তেজিত হয়ে উঠলে ও মারমুখী আচরণ করলে আত্মরক্ষার্থে সংবাদ সংগ্রহ না করেই স্থান ত্যাগ করেন কয়েকজন সাংবাদিক।
দৈনিক দেশ বর্তমানের মিরসরাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক আশরাফকে অশালীন ভাষায় গালিগালাজ করে মারতে উদ্যত হন মাসুদ করিম রানা। এসময় উপস্থিত দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে নিবৃত করতে হিমশিম খেতে হয়েছে।
এসময় মাসুদ করিম রানা তার নেতাকর্মীদের নিয়ে সাংবাদিক আশরাফকে মিরসরাই প্রেসক্লাবে প্রবেশ করে অথবা যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করার হুমকি দেন।
সাংবাদিক আশরাফ উদ্দিন জানান, মিরসরাইয়ের চিহ্নিত এক মোটরসাইকেল ছিনতাই মামলার আসামিকে কলেজ ছাত্রলীগের কমিটিতে সাংস্কৃতিক সম্পাদকের পদ দেন মাসুদ করিম রানা। সে বিষয়ে মাসুদ করিম রানার স্বীকারোক্তিসহ সংবাদ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একাধিকবার আশরাফ উদ্দিনকে ফোনে এবং সরাসরি হুমকি দেন এই ছাত্রনেতা।
মনোনয়নপত্র দাখিলে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞায় কোনো নির্দেশনা ছিল কিনা জানতে চাইলে মাহবুবুর রহমান রুহেল দৈনিক দেশ বর্তমানকে বলেন, ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানাকে এ ধরনের কোনো নির্দেশনা দেয়া ছিল না। সাংবাদিকের প্রবেশ উন্মুক্ত ছিল। মাসুদ যে কাজটি করেছে আমার ক্ষতি করেছে। তার সাথে এ ব্যাপারে আমি কথা বলব এবং ভবিষ্যতে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেই ব্যবস্থা নেব।