সদ্য মুক্তি পেয়েছে রাজা কৃষ্ণ মেনন পরিচালিত বলিউড সিনেমা ‘পিপ্পা’। সিনেমায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানটিতে নতুন করে এ আর রাহমান সুরারোপ করায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে দুই বাংলায় নজরুল-ভক্তদের মধ্যে।
বাংলাদেশ ও ভারতে প্রবল বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন ‘পিপ্পা’র নির্মাতা। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ক্ষমা চেয়েছেন তাঁরা। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে বিবৃতিটি দেয় সিনেমাটির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর (রয় কাপুর ফিল্মস)।
সেখানে লেখা হয়েছে, ‘এ গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সংগীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি। নজরুল ইসলাম এবং তার সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে। ’
এরই সঙ্গে নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী এবং তার পুত্র কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এ গানের স্বত্ব নেওয়া হয়েছিল সে কথাও ওই বিবৃতি জানানো হয়েছে।
উল্লেখযোগ্য বিষয়, এর আগে নজরুল পরিবারের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’কে অনির্বাণ জানান যে, গানের কথা ব্যবহার করা হলেও সুর বদলানো যাবে না এ মর্মেই তারা নির্মাতাদের স্বত্ব দিয়েছিলেন। কিন্তু বিবৃতিতে রায় কাপুর ফিল্মস জানিয়েছেন, ‘গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল। গানের কথা ব্যবহার এবং সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে। ’
সব শেষে ওই বিবৃতিতে লেখা হয়েছে, ‘আমরা মূল গানটিকে ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যে হেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারও আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ’
তবে যার সংগীতায়োজন নিয়ে এত বিতর্ক, সেই এ আর রাহমান এখন পর্যন্ত মুখ খোলেননি। আগামী দিনে এ আর রহমান এ বিতর্কে কোনো প্রতিক্রিয়া দেন কি না, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন নজরুল ভক্তরা।