চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে টানেল রচনায় বিজয়ী ৩১৫ শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন ও এতিম শিশুদের বঙ্গবন্ধু টানেল দেখাতে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় আনোয়ারা উপজেলা পরিষদ থেকে ১১টি বাস যোগে টানেলের মধ্যদিয়ে পতেঙ্গা সি-বীচ নেওয়া হয়। এসময় বীচে ফটোসেশান এবং টানেলের সৌন্দর্য উপভোগ এবং বর্ণনায় ব্যস্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন বলেন, গত ৩০ অক্টোবর অনলাইনে বঙ্গবন্ধু টানেল নিয়ে রচনার আয়োজন করেছি, এতে উপজেলার ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। টানেল এপ্রোচ সড়কসহ দৈর্ঘ্য ৩ দশমিক ১৫ কিলোমিটারের সাথে মিল রেখে অনলাইনে প্রথম অংশ গ্রহণকারী ৩১৫ জনকে নিয়ে টানেল ভ্রমণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন বলেন, সোমবার ১১টায় ৩১৫ শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন ও এতিম শিশুদের নিয়ে টানেল ভ্রমণ করা হয়। পতেঙ্গা প্রান্তে ঘুরাঘুরির পর দুপুরে খাওয়া দাওয়া শেষে ফিরিয়ে আনা হয় তাদের।