অজ্ঞান করে নিজের মেয়েক ধর্ষণ, আমৃত্যু কারাদণ্ড পাষণ্ড বাবার

জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে নিজের ১৬ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন এক পাষণ্ড বাবা নূর উদ্দিন মিঠু। ২ বছর আগের এই মামলায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

নূর উদ্দিন মিঠু মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১২ জুন ১৬ বছর বয়সী ওই কিশোরী ঘরে একা থাকায় জুস খাইয়ে অজ্ঞান করেন বাবা। পরে তাকে ধর্ষণ করেন বাবা নূর উদ্দিন মিঠু। ঘটনার তিনদিন পর ওই কিশোরী বাবার বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করে। কিশোরীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। ২০২২ সালের ৩১ মার্চ আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এমএ নাসের চৌধুরী জানান, মোট আটজনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছেন। আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।