অবাধ আন্তর্জাতিক বাণিজ্য নিশ্চিতে নিরাপদ সমুদ্র অপরিহার্য

আইএফআর-২০২২ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামুদ্রিক সম্পদের অপার সম্ভাবনার কথা বিবেচনা করে তার সরকার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সামুদ্রিক সম্পদ ও সামুদ্রিক বাণিজ্য রক্ষায় সমুদ্রে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি আজ বুধবার (৭ ডিসেম্বর) সকালে ‘ফ্রেন্ডশিপ বিয়ন্ড দ্য হরাইজন’ শিরোনামে কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২ (আইএফআর-২০২২) আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অবাধ আন্তর্জাতিক বাণিজ্য নিশ্চিত করার জন্য নিরাপদ সমুদ্র অপরিহার্য।  কারণ, বর্তমানে বিশ্বের ৯০ শতাংশ বাণিজ্য সমুদ্রপথ দিয়ে হয়।

তিনি বলেন, আমাদের সমুদ্রসীমা আইন ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে গিয়েছিলেন।  জাতিসংঘ করেছে তার অনেক পরে।  আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা প্রথম সই করি।  আর দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আমরা সমুদ্রসীমায় আমাদের অধিকার প্রতিষ্ঠা করি।

তিনি বলেন, আন্তর্জাতিক ভৌগোলিক সীমানার মাধ্যমে আমাদের সকল দেশ বিভক্ত হলেও বন্ধুত্বের সেতুবন্ধনে সমুদ্র উপকূলীয় সকল দেশের সঙ্গে আমরা একই সূত্রে গাঁথা। নৌবাহিনী আয়োজিত ‘আইএফআর-২০২২’ ইভেন্টটি আমাদের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে সক্ষম হবে।

এ সময় তিনি চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আন্তর্জাতিক মহলেও সকলকে এই আহ্বান জানিয়েছি, যুদ্ধ বন্ধ করতে হবে।  কোনো সমস্যা থাকলে শান্তিপূর্ণ সমাধান করতে হবে।