আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, বাসে আগুন, মৈত্রী ট্রেনে ককটেল নিক্ষেপের মধ্য দিয়ে কেটেছে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন। বুধবার ঢাকার মুগদা ও সাভারে দুটি ও চট্টগ্রামে একটি বাস ও লরিতে আগুন লাগানোর ঘটনা ঘটে। পাবনার ঈশ্বরদী রেল জংশনের কাছে ককটেল নিক্ষেপ করা হয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে। ফরিদপুরে বিএনপির মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির জেলা বিএনপির সদস্য সচিব এ. কে কিবরিয়া স্বপনসহ দুজন গুলিবিদ্ধ হন। মঙ্গলবার তিন নেতাকর্মীর মৃত্যুর প্রতিবাদে বুধবার সিলেট বিভাগের চার জেলা ও কিশোরগঞ্জে বিএনপি হরতাল পালন করে। অবরোধকারীদের সঙ্গে আওয়ামী লীগে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাভার প্রতিনিধি জানান, বুধবার ভোরে সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিমি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বাসে আগুন দেয়ার ঘটনায় দুই জনকে আটক করা হয়ছে। তারা হলেন— আব্দুল আলিম (৪০) ও সোহেল (৩৪)।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ভোরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। চট্টগ্রাম ব্যুরো জানান, বুধবার সকালে কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় সকাল ৮টার দিকে একটি যাত্রীবাহী বাস থামিয়ে আগুন দেওয়া হয়। পোশাক কারখানার শ্রমিকদের নামিয়ে দিয়ে বাসটি কর্ণফুলী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভেল্লাপাড়া এলাকায় অবরোধকারীরা বাসটি আটকিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন। এছাড়া, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিতে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে লরিটিতে আগুন ধরে যায়। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল হোসেন বলেন, লরিটি বিএসআরএম কারখানা থেকে রডবোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কে হঠাৎ মোটরসাইকেলে দুই যুবক এসে গাড়ির গতিরোধ করে। পাবনা প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদী রেল জংশনের কাছে দুপুর সাড়ে ১২টার দিকে লোকোশেড এলাকায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দেশি বোমা নিক্ষেপ করে। পাকশী বিভাগীয় রেলওয়ের
পাঁচ জেলায় হরতাল পালিত: অবরোধের প্রথম দিন মঙ্গলবার দুই জেলায় নিহত তিনজনকে নিজেদের কর্মী দাবি করে সিলেট বিভাগের চার জেলা ও কিশোরগঞ্জে হরতাল পালন করে বিএনপি। সিলেট প্রতিনিধি জানান, বুধবার সকাল-সন্ধ্যার হরতাল চলাকালে নগরীর বিভিন্ন পয়েন্টে বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সিলেটে ছয় জনকে আটকের খবর দিয়েছে পুলিশ। তবে বিভাগের বাকি তিন জেলা মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে এবং কিশোরগঞ্জে আধাবেলার হরতাল চলাকালে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।