অবরোধে ট্রাকের আনাগোনা কমেছে খাতুনগঞ্জে

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের কারণে পণ্যবাহী ট্রাকের আনাগোনা কমেছে দেশের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জে। তবে আগে থেকে পণ্য মজুদ থাকায় এর কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) খাতুনগঞ্জ, চাক্তাই, আসাদগঞ্জ এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

ট্রাক চালক ও ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্নস্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটার কারণে ট্রাক মালিকেরা গাড়ি ছাড়তে ভয় পাচ্ছেন। যে কয়েকটি ছেড়ে এসেছে তাও চালকের জিম্মায়। যার কারণে ৩ থেকে ৫ হাজার টাকা বাড়তি ভাড়া গুনতে হয়েছে ।

চট্টগ্রাম ট্রান্সপোর্ট নামে এক পরিবহন সংস্থার কর্মকর্তা বাবুল চন্দ্র রায় জানান, টানা তিনদিনের অবরোধে রাস্তায় ট্রাক চালানো অনেকটাই বিপদজনক হয়ে গেছে। অন্যদিকে ট্রাক ড্রাইভাররা ভুগছেন নিরাপত্তাহীনতায়। ফলে বাড়তি বেতন দিয়ে তাদের কাজে আনতে হচ্ছে।

চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান খালেদ বলেন, পণ্য পরিবহণে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। বেপারিরা বিভিন্ন জেলা শহর থেকে চট্টগ্রামের দিকে আসতে চাইছেন না।

চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার ব্যবসী সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, অবরোধের কারণে খাতুনগঞ্জ, চাক্তাই ও আসাদগঞ্জ এই এলাকায় ট্রাক কম ঢুকছে। তবে আজকে অবরোধের প্রথম দিন হিসেবে এই তিন এলাকার ব্যবসায়ীক পরিবেশ কোন দিকে দাঁড়াচ্ছে এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না। আগামীকাল থেকে হয়তো অবরোধের ফলাফল পাওয়া যাবে।

অন্যদিকে ভোগ্য পণ্য বাজারে মজুদ করা গেলেও কাঁচমালে প্রভাব পরতে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাংলদেশের বিভিন্ন এলাকা থেকে কাঁচমাল জাতীয় পণ্যের আনা নেওয়া কমে গেলে দাম বাড়তে পারে জানিয়েছে হামিদুল্লাহ মিয়া মার্কেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ।

তিনি বলেন, টানা তিন দিনের অবরোধের কারণে কাঁচমাল আনা নেওয়াতে এর প্রভাব দেখা দিতে পারে। ফলে পেঁয়াজসহ বিভিন্ন কাঁচমালের মূল্য বেড়ার সম্ভাবনা আছে।