আলু আমদানির সিদ্ধান্ত সরকারের

আলুর খুচরা মূল্য বেঁধে দিলেও বাজার নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। সরকারের বেঁধে দেওয়া মূল্য প্রতি কেজি ৩৬ টাকা হলেও বাজারে এখন ৬০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আগ্রহী আমদানিকারদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাণিজ্য মন্ত্রণালয় আলু, ডিম ও দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়। এর কোনোটির দামই বাজারে কার্যকর হয়নি। প্রায় প্রতি মাসেই বেঁধে দেওয়া হয় ভোজ্যতেল ও চিনির দাম, যদিও এসব পণ্য বাজারে তার চেয়ে বেশি দামে বিক্রি হয়।