‘বিএনপির সহিংসতা গাজা উপত্যকায় ইসরায়েলি হামলাকে মনে করিয়ে দেয়’

অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনী যেভাবে হামলা চালিয়েছে, বিএনপির বর্বরোচিত হামলা সেই ঘটনাকেই মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, বিএনপি নেতাকর্মীরা হাসপাতালেও হামলা চালিয়েছে। পুলিশ হাসপাতালের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। এভাবে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে, যাতে সেবিকা ও হাসপাতালকর্মীরা আহত হয়েছেন। এখন গাজার হাসপাতালে ইসরায়েলি বাহিনী যেভাবে হামলা চালাচ্ছে, বিএনপির বর্বরোচিত হামলা সেই ঘটনাকে মনে করিয়ে দেয়।

বিএনপির উগ্র কর্মীদের আক্রমণ থেকে হাসপাতালও রেহাই পায়নি মন্তব্য করে আসাদুজ্জামান খান বলেন, বিএনপি প্রচার চালিয়েছিল তাদের সমাবেশে দশ লাখ লোক নিয়ে আসবে। আমাদের পুলিশ কমিশনার বলেছিলেন, এমনিতেই ঢাকা শহরে যানজট, তারপর দশ লাখ লোক নিয়ে আসবেন, আপনারা কোথায় কী করতে চান, মাঠে যান। তারা মাঠে না গিয়ে নিজেদের দলীয় অফিসের সামনে সমাবেশ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের পুলিশ কমিশনার তাদের কাছে কয়েকটি প্রশ্ন রেখেছিলেন, কেবল তাদেরই নয়, আমাদের আওয়ামী লীগের সমাবেশ নিয়েও প্রশ্ন করেছিলেন। সেগুলো হচ্ছে, আপনারা কতক্ষণ সমাবেশ করবেন, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আপনাদের সমর্থকরা অবস্থান করবেন? আপনারা কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করতে পারবেন না। পুলিশ কমিশনার এমন অনেকগুলো নির্দেশনা দিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাইটিঙ্গেলের পরে কিন্তু পুলিশ আর ঢোকেনি। পরবর্তীতে আমরা দেখলাম, বিএনপি নেতাকর্মীরা পকেটে করে নিয়ে আসা ইটপাটকেল ও গুলতি দিয়ে মারবেল ছুড়ে পুলিশের ওপর হামলা চালায়, যা আমাদের কাছে ভিডিও করা আছে।

সংবাদকর্মীরা ও পুলিশ আহত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেখলাম, তাদের ইটপাটকেলে এক পুলিশ সদস্য মাটিতে পড়ে যাওয়ার পর দেখলাম ছাত্রদলের এক নেতা, ক্যামেরায় বন্দি রয়েছেন, এসে পুলিশকে পিটাচ্ছেন। এমনভাবে পিটিয়েছেন, তারপর চাপাতি দিয়ে তার মাথা খণ্ডিত করা হয়েছে। এভাবে নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ড আপনারা খুব কম দেখেছেন।