নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে বক্তব্য বন্ধ

রাজধানীর কাকরাইল মোড়, হাইকোর্ট এলাকা ও প্রধান বিচারপতির বাসভাবনের সামনে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ অক্টোবর) বেলা একটার কিছু আগে এ ঘটনা ঘটে। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশের দুইদিকে অবস্থান নেয় পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেডের বিকট আওয়াজ শুনে পল্টনে থাকা বিএনপির নেতাকর্মীদের মাঝে আতঙ্ক দেখা দেয়।

এ সময় মহাসমাবেশের মঞ্চে বক্তব্যও বন্ধ থাকতে দেখা যায়। এর আগে মঞ্চ থেকে সমাবেশস্থলে থাকা নেতাকর্মীদের শান্ত থাকার ঘোষণা দেওয়া হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু, মির্জা আব্বাস, নজরুল ইসলামসহ সিনিয়র নেতাদের পুলিশি হামলার মুখেও স্টেজে বসে থাকতে দেখা গেছে।

এদিকে কাকরাইল মোড়ে ছোড়া কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে মঞ্চের সামানে থাকা নেতাকর্মীরা দাঁড়িয়ে যান। মঞ্চের অপর পাশের রাস্তা থাকা কর্মীরা সরে ফকিরাপুলের দিকে যেতে থাকেন। পরক্ষণেই আবার কিছু কর্মী লাঠি হাতে সংঘর্ষের স্থানের দিকে যেতে থাকেন। আর কিছু নেতাকর্মী অবস্থা পর্যবেক্ষণের জন্য উদ্বিগ্ন অবস্থায় মঞ্চের সামনেই দাঁড়িয়ে থাকেন।