মিরসরাইয়ে এসএসসি মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্র। নিহত স্কুল ছাত্রের নাম ইয়াছিন আরাফাত আলীফ ( ১৬)। সে সীতাকুণ্ড থানার বড়দারগারহাট আব্দুর রউফ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বড়কমলদহ উকিল পাড়ায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার মেজবাহ উদ্দিনের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, আসন্ন এসএসসি পরীক্ষার মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশের শেষ দিন ছিল আজ। বিদ্যালয় থেকে সকাল ১১ টায় ফলাফল প্রকাশ করলে দেখা যায় ইয়াছিন ৭ বিষয়ে অকৃতকার্য হয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ করে ব্যর্থ হয় ইয়াছিন। এতে রাগ, ক্ষোভ ও অপমানে ইয়াছিন বাড়িতে গিয়ে দুপুর দেড়টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ইয়াছিনের পিতা মেজবাহ উদ্দিন জানান, ছেলে বিদ্যালয়ে পরীক্ষার রেজাল্ট দেখতে যাবে বলে আমার কাছ থেকে সকাল ১১টায় টাকা নিয়ে যায়। টাকা দিয়ে আমি চাকরির কারণে শহরের পথে রওনা দিই। দুপুর দেড়টায় শুনতে পারি ছেলে গলায় ফাঁস দিয়েছে। পরিবার ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দেব জানান, উচ্চ মাধ্যমিক বোর্ড ১ বিষয়ের বেশি অকৃতকার্যদের এসএসসি পরীক্ষার জন্য অকৃতকার্য হিসেবে ঘোষণা করেছে। তারপরও আমরা ৪ বিষয় পর্যন্ত অকৃতকার্যদের বিশেষ বিবেচনায় উত্তীর্ণ দেখিয়েছি। ইয়াছিন ৭ বিষয়ে অকৃতকার্য হয়েছে তাই তাকে বিশেষ বিবেচনায়ও উত্তীর্ণ দেখানো সম্ভব হয়নি। কিন্তু সে আত্মহত্যা করে ফেলবে এটা আমরা বুঝতে পারিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল করিম ফিরোজ জানান, সকালে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে দুপুরে খবর পেলাম স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। দুটাই মাছুম, তাদের জন্য খারাপ লাগছে।
নিজামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ খান জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত পরিবারের সদস্য ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আইনানুগভাবে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।