বুধবার (২৫ অক্টোবর ) ঢাকার কদমতলী থানার রায়েরবাগ শাহী মসজিদ গলির এক বাসা থেকে মো. ইয়াসিন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, বাইরে যেতে না দেওয়ায় রাগ করে গলায় ফাঁসি খেয়ে আত্মহত্যা করেছে এই কিশোর।
আজ সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
কদমতলী থানার রায়েরবাগ মেরাজনগর শাহী মসজিদ গলির বি ব্লকের বাসিন্দা মো. আলিম পেশায় একজন সিএনজি চালক। মৃত ইয়াসিনের বড় ভাই আকাশ বলেন, আমি দুবাই প্রবাসী। আমার ছোট ভাই লেখাপড়া করে না। বাইরের বিভিন্ন খারাপ ছেলেদের সঙ্গে মিশে। সন্ধ্যায় তাকে অন্য ছেলে বাইরে যাওয়ার জন্য বারবার ফোন দিচ্ছিল। পরে আমি তাকে বাইরে যেতে না দেওয়ায় সে নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকে। পরে অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও সে দরজা খোলে না। দরজা ভেঙে দেখি সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায়— আমার ভাই আর বেঁচে নেই।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছে।