প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় কমিশন (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামে অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) ব্রাসেলস সময় ৬টা ৩০ মিনিটে ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে অবতরণ করে। বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ব্রাসেলস যাওয়ার পথে প্রধানমন্ত্রী ফ্লাইটের প্রতিটি প্রান্তে ঘুরেন এবং যাত্রী ও বিমানের ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন। ফ্লাইটে ঘোরাঘুরির সময় তিনি এক বছরের শিশু ইয়াসিনকে কোলে নেন এবং তার সাথে কিছু সময় কাটান। এক পর্যায়ে শিশুটি প্রধানমন্ত্রীর চশমা কেড়ে নেয়। অনেক যাত্রীকে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে, মহিলারা প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন। এর আগে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা সোয়া ১১টায় ছেড়ে যায়। সূত্র: বাসস