ফিলিস্তিনেরঅক্টোবর গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।
বুধবার(২৫ অক্টোবর) ইসরায়েলের সেনাবাহিনীর এলিট কমান্ডো ইউনিট সায়েরেত মাতকেলের সঙ্গে মত বিনিময় করেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ত। এ সময় সেনা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কেবলমাত্র শুরু করেছি। যুদ্ধের পরবর্তী পর্যায় শিগগিরই শুরু হবে। দুর্ভাগ্যজনকভাবে,এই যুদ্ধের প্রাথমিক পর্যায় থেকেই আমাদের মূল্য দিতে হচ্ছে।’ ‘আপনারা (যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য) মানসিকভাবে প্রস্তুত হোন। নিজেদের অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুত রাখুন। আমাদেরকে মাঠে নামতে হবে এবং হামাসকে ধ্বংস করতে হবে। নয়তো আমরা এখানে টিকে থাকতে পারব না।’
গত ৭ অক্টোবর ভোর বেলা থেকে সকাল পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ৫ হাজার রকেট ছুড়েছিল হামাস। তারপর আকস্মিক আক্রমণ চালিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেস সীমান্তে প্রবেশ করে কয়েকশ হামাস যোদ্ধা। তার আগে
ইসরায়েলের ভূখন্ডে প্রবেশের পর নির্বিচারে গুলি চালিয়ে প্রায় ২ শতাধিক ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি হিসেবে গাজায় নিয়ে আসে হামাস যোদ্ধারা।
এই হামলার পর পাল্টা জবাবে ওই দিন থেকেই গাজায় বিমান অভিযান পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। গাজায় পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, বন্ধ করে দেওয়া হয় মিসর ও গাজার সীমান্তপথ রাফাহ ক্রসিংও, যা গাজার ‘লাইফ লাইন’ নামে পরিচিত। এই ক্রসিং গত শনিবার খুলে দেওয়া হয়েছে ।
হামাসের হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ যাতে রয়েছে ইসরায়েলিসহ বিভিন্ন দেশের নাগরিক। অপরদিকে ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৭৯১ জনে।
সূত্র : সিএনএন