ঝটিকা ঋণ আদায় কর্মসূচি

শ্রেণীকৃত ঋণ হ্রাস ও ঋণ আদায় জোরদারকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি ৭৫ দিনের ঝটিকা ঋণ আদায় কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ২৯ ডিসেম্বর এ কর্মসূচি শেষ হবে। অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৯৮তম ভার্চুয়াল বোর্ড সভায় ঋণ আদায় কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। বিশেষ এ কর্মসূচি ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর। সভায় নতুনভাবে কোনো ঋণ যাতে শ্রেণীকৃত না হয় সে ব্যাপারে সতর্ক থাকা এবং শ্রেণীকৃত ঋণ আদায়, নিয়মিতকরণ ও অবলোপনকৃত ঋণ আদায়ের মাধ্যমে ঋণ হ্রাসের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সব সার্কেল, করপোরেট শাখা, অঞ্চল ও শাখাগুলোকে নির্দেশ দেয়া হয়। সভায় অগ্রণী ব্যাংকের পরিচালকরা, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ও উপব্যবস্থাপনা পরিচালকরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
এছাড়া, সকল ব্যবসায়িক সূচক উন্নয়নের লক্ষ্যে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, রেমিট্যান্স আহরণ, রপ্তানি বাণিজ্যসহ সকল ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রেখে সুদ আয় ও সুদ বহির্ভূত আয় বৃদ্ধি এবং ব্যয় হ্রাস করে ২০২৩ সালে পরিচালন মুনাফার প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জনের দিক নির্দেশনা দেয়া হয়। উক্ত সভায় অগ্রণী ব্যাংকের পরিচালকগণ, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ও উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।