আদালত অবমাননার অপরাধে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সোহেল রানাকে কারাদণ্ডের রায় দেয়ার ৩ ঘণ্টার মাথায় জামিন দিয়েছেন হাইকোর্ট। সাজার রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে তাকে এক মাসের জামিন দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে একই আদালত মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। রায়ে সোহেল রানাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী প্রণয় কান্তি রায়।
পরে আইনজীবী শাহ মঞ্জরুল হক বলেন, একটি ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ৫৬১ (এ) ধারার ওই মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন আদালত। পরবর্তী সময়ে এ আদেশের কপি কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানার কাছে যায়। তিনি হাইকোর্টের ওই আদেশ অমান্য করে বিচার কাজ চালিয়ে যান। এ কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। মামলার রায়ে হাইকোর্টের আদেশ অমান্যের কারণে তাকে সাজা দেয়া হয়। তবে রায়ের কিছু সময় পর আমরা তার জামিন চেয়ে আবেদন করি। তখন হাইকোর্ট জামিনের শর্তে বিচারকের জামিন মঞ্জুর করেন।