অস্থায়ী বাস কাউন্টারে শৃঙ্খলা ফেরাতে ডিসি জয়নুলের উদ্যোগ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সামনে বিভিন্ন যাত্রী পরিবহন কোম্পানির অস্থায়ী বাস কাউন্টারগুলোতে শৃঙ্খলা ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে কক্সবাজার ও বান্দরবান জেলায় চলাচলকারী আন্তঃজেলা বাস/মিনিবাস পরিবহন পরিচালনায় সংশ্লিষ্টদের সঙ্গে ট্রাফিক উত্তরের কনফারেন্স কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন। এ সময় তিনি পরিবহন সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন বলেন, আদেশ এবং নির্দেশনাসমূহ অমান্য করলে সড়ক আইন ২০১৮ অনুযায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে, উপস্থিত পরিবহন পরিচালনাপক্ষের সদস্যরা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

সভায় যেসব বিষয়ে সিন্ধান্ত নেওয়া হয়-

১) সকল প্রকার বাস/মিনি বাসসমূহ বহদ্দারহাট বাস টার্মিনাল অবস্থান করবে।

২) গাড়ি ছাড়ার ৫ মিনিট পূর্বে বাসগুলো টার্মিনাল থেকে সংশ্লিষ্ট কাউন্টারের আসবে এবং চান্দগাঁও থানার সামনে অস্থায়ী কাউন্টারে যাত্রী ওঠানোর জন্য সিঙ্গেল লাইনে দাঁড়িয়ে ৪ মিনিটের মধ্যে কার্যক্রম শেষ করবে।

৩। যেসব কাউন্টারে নিজস্ব গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে তারা কোনো অবস্থাতেই মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী তুলতে পারবে না।

৪। নির্দিষ্ট স্টপেজ ছাড়া যেখানে সেখানে যাত্রী ওঠানো-নামানো যাবে না।

৫। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ডাইভার স্টিয়ারিং এ হাত দিতে পারবে না, সংশ্লিষ্ট পরিবহন পরিচালনা পক্ষের কর্তৃপক্ষ তা নিশ্চিত করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, এডিসি কীর্তিমান চাকমা, এসি আসিফ মাহমুদ গালিব, টিআই (প্রশাসন) মোহামম্মদ কামাল হোসেনসহ সৌদিয়া পরিবহন, হানিফ পরিবহন, তানিফ দ্রুতযান, শ্যামলী মা টুরিস্ট কোচ, ইউনিক পরিবহন, স্বাধীন ট্রাফেলস, এস আলম সার্ভিস, ঈগল স্পেশাল সার্ভিস, মারছা পরিবহন, পূরবী পরিবহন, সানলাইন পরিবহন, হানিফ সুপার পরিবহনের প্রতিনিধি।