পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ী হানিফকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার ভাই তৃতীয় লিঙ্গের ইয়াসিনকেও গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপির গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চান্দগাঁও থানা সূত্র জানায়, গত শনিবার (১৯ নভেম্বর) রাতে গ্রেপ্তারের পর চট্টগ্রামের কালুরঘাট পুলিশ ফাঁড়িতে পুলিশের ওপর হামলা চালিয়ে হানিফকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগী ও তৃতীয় লিঙ্গের লোকজন। তাদের ধরতে পুলিশ বিভিন্নভাবে তৎপরতা চালায়। পরে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডে ঢাকাগামী একটি বাস থেকে হানিফ ও তার ভাই ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।
হানিফের বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে।
উল্লেখ্য, শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের কালুরঘাট ব্রিজের সামনে থেকে পাঁচ হাজার ইয়াবাসহ হানিফ ও মহিউদ্দিন শরীফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুজনকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে ফাঁড়িতে হামলাকারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হানিফের বোন নাজমা আক্তার রাতে হাসপাতালে মারা যান। আহত হয় পুলিশের দুই সদস্য।
এ ঘটনায় চান্দগাঁও থানায় কালুরঘাট পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শরীফ রোকনুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলায় ২২৪ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, আসামি ছিনিয়ে নিতে হানিফের সহোদর তৃতীয় লিঙ্গের ইয়াসিনের নেতৃত্বে কিছু লোক পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। তাদের সঙ্গে হানিফের সহযোগীরাও ছিল। তারা পুলিশফাঁড়িতে ভাঙচুর করে সাড়ে চার লাখ টাকার ক্ষতিসাধন করে। পুলিশের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে যায়। তারা পুলিশের অস্ত্র ছিনতাইয়ের চেষ্টাও করে।