চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরের যুবক জমির উদ্দিন নয়ন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রবিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার খিরাম ইউনিয়নের হচ্চারঘাট ফুলতলী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা ধর্মপুর ইউনিয়নের কমিটি হাট ও আজাদী বাজারে গিয়ে প্রতিবাদ মিছিল করে।
খিরাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলী নাসিরের সভাপতিত্বে যুবলীগ নেতা এম সরোয়ার সংগ্রামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মাষ্টার আবুল বশর, ইউপি সদস্য নাঈম, সমাজ সেবক মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ নাছির, মাওলানা মামুন, যুবলীগ নেতা জাসেম, নিহত নয়নের পিতা জাবেদুল আলম, চাচা কামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা ইয়াছিন, নাসিম, আনিস, জিহাদ হোসেনসহ এলাকাবাসী। প্রতিবাদ সভায় নয়ন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে ধর্মপুরের ইউনিয়নের কুলাল পাড়া সংলগ্ন থেকে মাথায় আঘাত প্রাপ্ত অবস্থায় জমির উদ্দিন নয়নের লাশ উদ্ধার করে স্থানীয়রা।