প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী ১৭ আগস্ট পরীক্ষা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। ডেঙ্গু কিংবা প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। পরীক্ষার সময় যদি কোনো স্থান প্রাকৃতিক দুর্যোগ কবলিত হয় শুধুমাত্র সেই স্থানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ রাখা হবে, বাকি সারা দেশে পরীক্ষা চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।
এ সময় ডেঙ্গুরোগ নিয়েও তিনি কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশে ডেঙ্গু প্রত্যেক বছরই হয়, তবে এবছর হয়তো প্রকোপ কিছুটা বেশি। কিন্তু ডেঙ্গুর জন্য এইচএসসির মতো পাবলিক পরীক্ষা পেছানোর সুযোগ নেই।
তিনি বলেন, ‘পাবলিক পরীক্ষা সময়মতো নিতে হয়। এমনিতেই আমরা কোভিডের (করোনা) কারণে অনেক পিছিয়ে পড়েছি। আগামী বছর আমরা চেষ্টা করবো স্বাভাবিক সময়ে নিতে। কাজেই এ বছর যথাসময়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে যে বিষয় নিয়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একটু দুচিন্তা থাকে আইসিটি, সেই বিষয়েও কম নম্বরে পরীক্ষা হচ্ছে। ’
‘পুরোপরীক্ষা কিন্তু পুনবিন্যাসকৃত অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে। কাজেই আমি আশা করি যে অল্প সংখ্যাক শিক্ষার্থী আন্দোলনে আছে। তারা রাস্তা ঘাটে এ আন্দোলন না করে পড়ার টেবিলে ফিরে যাক এবং প্রস্তুতি নিলে তারাও ভালো করবে’ -বলেন দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী, তারা এ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। ১৭ আগস্ট পরীক্ষার তারিখ বহু আগে ঘোষণা করা হয়েছে এবং সে অনুযায়ী তারা প্রস্তুতি নিয়েছে। তারা পরীক্ষার দেওয়ার জন্য একদম প্রস্তুত।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক রনজিত রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মোর্শেদা ইয়াসমিনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।