প্রতিবছর বর্ষা মৌসুমে ভারী বর্ষণের ফলে চট্টগ্রামে পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। প্রতিবারই জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে পুনরায় সেখানে গিয়ে তারা বসবাস শুরু করে।
এবার চট্টগ্রামে টানা কয়েকদিনের বৃষ্টিতে নগরীর টাইগারপাসসহ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তাই পাহাড় ধসের ফলে পাহাড়ে বসাবাসরতদের কোন প্রকার দুর্ঘটনা রোধে চট্টগ্রামের পাহাড়গুলোতে বসবাসরতদের নিরাপদ আশ্রয়স্থলে নেওয়ার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক পাহাড়ে অভিযান পরিচালনা করেছেন।
আজ রবিবার সকালে আকবরশাহ এলাকার বিজয় নগর ও ঝিল পাহাড়গুলোতে অভিযান পরিচালনা করে নিরাপদে সরিয়ে নেওয়া ও মাইকিং করা হয়। এর আগে রাতে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এসকল এলাকা থেকে সড়িয়ে ২৫০টি পরিবারকে দুটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক, স্টাফ অফিসার টু ডিসি প্লাবন কুমার বিশ্বাস ও আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম মহানগরে ৬টি সার্কেল ভাগ করেন। জেলা প্রশাসকের নির্দেশে পাহাড় রক্ষায় ও মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের কয়েকটি টিম কাজ করছে। প্রতিদিন মাইকিং করে মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে নির্দেশনা দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাহাড়ে বসবাসরতদের মাইকিং করে সচেতন করার লক্ষ্যে প্রতিদিন জেলা প্রশাসনের টিম কাজ করছে। আমি ঝুকিপূর্ণ ২৫০ পরিবারকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়েছি। তাদের জন্য শুকনো খাবার থেকে শুরু করে প্রতিবেলার খাবারের ব্যবস্থা করেছি। চট্টগ্রামের সকল পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারকে ১৯টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।