বৃষ্টিতে মেয়রের বাড়িসহ ডুবে গেল চট্টগ্রামের নিম্নাঞ্চল

বর্ষার শুরুতে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।  টানা বর্ষণে বিভিন্ন স্থান এখনও জলাবদ্ধ।  দুর্ভোগ পোহাচ্ছেন নগরীর বাসিন্দারা।  পানি উঠেছে সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বহদ্দার হাটের বাড়িতেও।

শুক্রবার (০৪ আগস্ট) সকালে বাড়িটির নিচে প্রায় হাঁটু সমান পানি জমে থাকতে দেখা গেছে।  এতে করে মেয়রও একপ্রকার হয়ে পড়েছিলেন পানিবন্দী।

মেয়রের বাড়ির নিচে পানি ওঠার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  স্থানীয় বাসিন্দারা জানান, মেয়রের বাড়ির সামনের সড়ক উঁচু করা হয়েছে।  তবুও, ভারি বর্ষণ হলেই মেয়রের বাড়ি ও গলিতে পানি উঠে যায়।  ফলে জলাবদ্ধতারও সৃষ্টি হয়।

জলাবদ্ধতার বিষয়ে চসিক মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে কাজ করছে, তা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত নগরবাসীকে এ ভোগান্তি পোহাতে হবে।  নগরীর খাল নালাগুলোকে পরিষ্কার রাখতেই হবে।

সরেজমিনে দেখা যায়, হালিশহর, শুলকবহার, চান্দগাঁও, ডিসি রোড, কেবি আমান আলী রোড, বাকলিয়া, চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, বাদুরতলা, কাপাসগোলা, আগ্রাবাদসহ নগরীর নিচু এলাকা হাঁটু থেকে কোমর পর্যন্ত গভীর পানিতে তলিয়ে গেছে। এসময় সড়কে মোটরচালিত যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রীকে তাদের গন্তব্যে যেতে যানবাহন না পেয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা দপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি ধর জানান, বাংলাদেশের ওপর এখন মৌসুমী বায়ু সক্রিয়।  এ কারণে বৃষ্টিপাত হচ্ছে।  টানা আরও দুই থেকে তিন দিন এভাবে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে।  সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।