সংস্কার কাজের জন্য ১ আগস্ট থেকে বন্ধ হচ্ছে ৯২ বছরের পুরনো কালুরঘাট সেতু। আগামী তিন মাস বন্ধ থাকবে সেতুর ওপর দিয়ে ট্রেন ও যানবাহন চলাচল। তবে সেতুর নিচ দিয়ে ফেরি সার্ভিসের মাধ্যমে যানবাহন চলাচল করবে।
টোল আদায়ের জন্য কোনো ইজারাদার পায়নি সওজ। তবে সওজের ব্যবস্থাপনায় টোল আদায় করা হবে বলে জানা গেছে। গত ২৫ জুলাই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ রেলওয়ে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, কালুরঘাটে ফেরি পারাপারে টোল হারে প্রতি ট্রেইলারে দিতে হবে ৫৬৫ টাকা, হেভি ট্রাক ও কাভার্ডভ্যান ৪৫০ টাকা, মিডিয়াম ট্রাক (২ অ্যাক্সেল বিশিষ্ট) ২২৫ টাকা, ৩১ আসনের ঊর্ধ্বে বড় বাস ২০৫ টাকা, মিনি ট্রাক ১৭০ টাকা, কৃষিকাজে ব্যবহৃত যান (পাওয়ার টিলার, ট্রাক্টর) ১৩৫ টাকা, ৩০ যাত্রী বহনের উপযোগী মিনিবাস ও কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস ৯০ টাকা, ফোর হুইল চালিত যানবাহন (পিকআপ, কনভারশন করা জিপ, র্যাকার) ৯০ টাকা, নিডার কার ৫৫ টাকা, অটোভ্যান, ব্যাটারিচালিত তিন-চার চাকার মোটরযান ২৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা। এ ছাড়া রিকশা, ভ্যান, বাইসাইকেল, ঠেলাগাড়িকে ৫ টাকা করে টোল দিতে হবে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, এখন পর্যন্ত ফেরির টোল আদায়ে ইজারাদার পাওয়া যায়নি। অল্প সময়ের জন্য লাভজনক হবে না ভেবে কোন প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান হয়তো আগ্রহী হচ্ছে না। তবে সওজের ব্যবস্থাপনায় টোল আদায় হবে।