কোনো বিদেশি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ পর্যন্ত কোনো বিদেশি সংস্থা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি।

সোমবার (৩১ জুলাই) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,  নির্বাচন প্রক্রিয়ায় যারা বাধা দেবে তাদের ওপরই মার্কিন ভিসা নীতি কার্যকর হোক।  মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, অন্যান্য দেশের দূতাবাসের যারাই আলোচনায় বসেছে তাদের (বিএনপির) এক দফার মধ্যে কেউ নেই।

সেতুমন্ত্রী বলেন, বিদেশিরা কেউ বলেনি আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই, সংসদ বিলুপ্ত করো।  বিএনপির মূল দাবির সঙ্গে কেউ নাই।  আমরা শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করবো কোন স্বার্থে।  এটি সুষ্ঠু না হলে আমরা দায়ী হবো; অন্য কোনো কারণে না হলে তারা দায়ী।

এ সময় বাংলাদেশে নির্বাচন বিদেশিদের তৎপরতার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের যে কোনো দেশের কার্যক্রমের একটা সীমা রয়েছে।  ভিয়েনা কনভেনশনে কিছু নীতিমালা রয়েছে।  সেই নীতিমালা অনুযায়ী চললে বিদেশি রাষ্ট্রদূতরা সব কিছু নিয়ে কথা বলতে পারবেন না।  আমরা তাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে, এটা (বাংলাদেশ ইস্যুতে আপনাদের হস্তক্ষেপ) ভিয়েনা কনভেনশনের সঙ্গে সাংঘর্ষিক।  এর বাইরে তো আমরা তাদের সঙ্গে সংঘাতে জড়াতে পারি না।