চট্টগ্রাম-১০ আসনে জয়ী মহিউদ্দিন বাচ্চু, সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তিনি ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মো: শামসুল আলম। ১৫৬টি কেন্দ্রে তিনি পেয়েছেন সর্বমোট ১৫৭২ ভোট।

রবিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত ফলাফল সংগ্রহ ও বিতরণ কেন্দ্রে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

ঘোষিত ফলাফল অনুযায়ী অনান্য প্রার্থীদের মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ১২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রশীদ মিয়া (ছড়ি প্রতীক) পেয়েছেন ৫৮৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট প্রতীক) পেয়েছেন ৩৬৯ ভোট।

আরও পড়ুন : চট্টগ্রাম-১০ উপনির্বাচন : স্বতন্ত্র প্রার্থীকে মারধরের অভিযোগ, পরে ভোট বর্জন

ফলাফল ঘোষণার সময় নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সহকারী প্রিজাইডিং, প্রিজাইডিং অফিসাররা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন বাহিনীসহ বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা রয়েছেন। তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন। গণমাধ্যম ও প্রার্থীরাও সবসময় আমাকে আপডেট দিয়েছে। সর্বোপরি সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাই আমি সবার প্রতি কৃতজ্ঞ।

এর আগে সকাল ৮টায় উৎসবমুখর পরিবেশে নগরীর ১৫৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে তা শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

চট্টগ্রাম-১০ আসনের এ উপনির্বাচনে ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৭১৫৩ জন ভোটার।

আরও পড়ুন : চট্টগ্রাম-১০ উপনির্বাচন : অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম দেখা গেছে

এদিকে, নৌকার প্রার্থী ছাড়া অন্য পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘নিয়ম অনুযায়ী মোট কাস্ট ভোটের আট ভাগের এক ভাগের বেশি পেতে হতো অন্য প্রার্থীদের। কিন্তু আওয়ামী লীগ প্রার্থী ছাড়া অন্য পাঁচ প্রার্থী সেই পরিমাণ ভোট পাননি। ফলে জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৫৬ কেন্দ্রে এক হাজার ৫৬৩টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন ভবনের কন্ট্রোল রুম থেকে ভোটের সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও রাশেদা সুলতানা।