নোয়াখালীর কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় পানিতে পড়ে একদিনে ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) দুপুরে কবিরহাটের চাপরাশিরহাট, কোম্পানীগঞ্জের গাংচিল, সুবর্ণচরের থানারহাট ও হাতিয়ার নলচিরা ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো কবিরহাট চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের আবু নাছেরের ছেলে রিশাদ (৯) ও রিশান (৭), কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু বক্কর (৩) এবং হাতিয়ার নলচিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রিয়াজের মেয়ে নিহা আক্তার (৫)। এছাড়া সুবর্ণচর উপজেলার থানারহাট এলাকার সহোদর দুই বোন রিয়া মনি (১২) ও দিয়া মনি (১০)।
কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিউদ্দিন টিটু বলেন, দুপুর ১টার দিকে মানসিক প্রতিবন্ধী বড় ভাই রিশাদ পুকুরের ঘাটে পা পিছলে পড়ে যায়। এ সময় ছোট ভাই রিশান তাকে তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। এতে দুইজনের মৃত্যু হয়। কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক বলেন, দুপুরে বাড়ির সবার অজান্তে গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু বক্কর পানিতে পড়ে মারা যায়।
হাতিয়ার নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনছুর উল্যাহ বলেন, বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় নিহা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ রিয়া মনি ও দিয়া মনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত দুইদিনে নোয়াখালীর সুবর্ণচর ও সেনবাগে পানিতে পড়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছিল।