পটিয়ায় বাসের ধাক্কায় বীমা কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ হারালেন মৌলানা এসকান্দার হোসাইন জামি (৫৫) নামে এক বীমা কর্মকর্তা।

নিহত এসকান্দর উপজেলার বড়লিয়া ইউনিয়নের পশ্চিম পেরলা গ্রামের চৌধুরী বাড়ির মৃত একরামুল হক চৌধুরীর ৫ম পুত্র।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ের পটিয়া বাইপাস সড়কে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

তিনি প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর এরিয়া ম্যানেজার ও পটিয়া অফিসের ইনচার্জের দায়িত্বে ছিলেন এবং পৌরসভার গোবিন্দার খিল এলাকার বাইতুল ইকরাম জামে মসজিদের খতিব। তের বছর বয়সী ১ ছেলে ও পাঁচ বছর বয়সী ১ কন্যা সন্তানের জনক।

বড়লিয়া ইউপি চেয়াম্যান শাহিনুল ইসলাম শানু বলেন, মৌলানা এসকান্দর অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ সরকার বলেন, পটিয়া বাইপাস সড়কের গিরি চৌধুরী বাজারমুখে দ্রুতগামী যাত্রীবাহী পূরবী চেয়ার কোচের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহী মৌলানা এসকান্দর গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক হেলপার পালিয়ে গেছে।