গোপালগঞ্জে দুই দিনের সফরের অংশ হিসেবে কোটালীপাড়ায় এসে পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
শনিবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী কোটালীপাড়া এসে পৌঁছান। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। স্লোগানে স্লোগানে বরণ করে নেন প্রধানমন্ত্রীকে।
এর আগে তিনি সকাল ৮টায় সড়ক পথে গণভবন থেকে রওনা হন। সফরে তার সঙ্গী হয়েছেন আইসিটি উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়।
কোটালীপাড়ার কর্মসূচি শেষে দুপুরের পর বঙ্গবন্ধু কন্যা টুঙ্গিপাড়ার নিজের গ্রামের বাড়িতে যাবেন। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। রাতে টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে অবস্থান করবেন শেখ হাসিনা।
সফরের দ্বিতীয় দিন রোববার (২ জুলাই) সকালে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করবেন।
দুপুরে নিজের গ্রামের বাড়িতে মধ্যাহ্নের বিরতি দেবেন। গোপালগঞ্জ সফর শেষে বিকেলে সড়ক পথে ঢাকায় ফিরে আসবেন শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির সফরকে ঘিরে গোপালগঞ্জে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ। জেলার সড়কের মোড়ে-মোড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙ্গানো হয়েছে নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। নির্মাণ করা হয়েছে অনেকগুলো তোরণ।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আনন্দ কাজ করছে। কেননা ঈদপরবর্তী এটাই প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনি এলাকার নেতাকর্মীদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা হবে। তাই নেতাকর্মীরা একটু বেশিই উদ্বেলিত ও আনন্দিত।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবল আলম জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এমএইচএফ