গরু চুরি রোধে রাউজানের কদলপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছিলেন গ্রাম পুলিশ কমল বড়ুয়া, আবু সৈয়দ ও মিলন নামে তিন গ্রাম পুলিশ। এ সময় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আনিসুর রহমান বাপ্পি (৩০) নামে এক যুবককে আটক করে তারা।
মঙ্গলবার (২৭ জুন) রাউজান থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।
গরু চোর বাপ্পি সদর ইউনিয়নের ৮ নম্বর নাতোয়ান বাগিছা এলাকার শাহা আলমের ছেলে।
জানা যায়, সোমবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ পূর্ব রাউজানের নুরুল আলমের স্ত্রী রুবি আকতারের গোয়াল ঘর থেকে গরু চুরি করে বাপ্পি।
রুবি আকতার জানান, গরুটি তিনি লালন পালন করে তার আপন ভাই মোহাম্মদপুরের মবিনের কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করেন। ঈদের আগের দিন পর্যন্ত রুবি আকতারের হেফাজতে রাখার কথা ছিল। তিন গ্রাম পুলিশ গরুসহ চোরকে সোপর্দ করার খবর পেয়ে থানায় ছুটে যান এবং তার গরুটি চিহ্নিত করেন।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, ‘রাতে পাহারা দেওয়ার সময় তিন গ্রাম পুলিশ চোরাইকৃত গরুসহ এক গরুচোরকে আটক করে থানায় দিয়েছে। গরুর মালিক রুবি আকতার গরুটি তার গরু বলে শনাক্ত করেন। ভুক্তভোগী ওই নারী চোরের বিরুদ্ধে মামলা দায়ের করার পর চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।