মিরসরাইয়ে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি দুই হাজার নারী

চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের দুই হাজার দরীদ্র নারীকে তুলে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল।

সকাল থেকে ইউপি কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

এ সময় দেখা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া চাল পেয়ে খুশি গরিব-দরিদ্র নারীদের চোখে-মুখে। চাল নিতে আসা অলিনগর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা লায়লা বেগম বলেন, ‘বাবারে এখন খুব কষ্টে দিন কাটছে। ছেলের বাবার (স্বামী) কাম-কাজও নাই। এসময় এটুকু চাল উপকারে আসবো।’

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন জানান, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় দুই হাজার হতদরিদ্র নারীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি হারে চাল তুলে দেয়া হয়। করেরহাট ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ ছিলো ১৩শ জনের। সেক্ষেত্রে তালিকা দীর্ঘ হওয়ায় চেয়ারম্যানের নিজের ব্যক্তিগত তহবিল থেকে বাকি ৭শ নারীকে চাল উপহার দেন।

ইউনিয়ন পরিষদের সদস্য মো. শহীদ জানান, করেরহাট ইউনিয়নের জনগণ অন্য যেকোন ইউনিয়নের থেকে বেশি। এছাড়া এখানকার পাহাড়ী জনপদের ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা অগ্রাধিকার পেয়েছে। তালিকা দীর্ঘ হওয়ার দরুন সরকারি বরাদ্দের চেয়ে আরো ৭শ বাড়িয়ে চেয়ারম্যান নিজের অর্থায়নে বাকি চালগুলো বিতরণ করেন।