‘দুই সন্তান’সহ  সিনেমা হলে পরীমনি

শুক্রবার (২৬ মে) ঢাকার তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘মা’ ছবিটি।  ছবির পরিচালক অরণ্য আনোয়ারকে আগেই বলে রেখেছিলেন, ১০ মাস বয়সী নিজের সন্তান ও পর্দার সন্তানকে নিয়ে প্রেক্ষাগৃহে ‘মা’ ছবিটি উপভোগ করবেন পরীমনি।

কথামতো, বেলা ১১টার প্রদর্শনী শুরুর আগে নিজের সন্তান রাজ্যকে নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হন তিনি।  ছবিতে পরীমনির সন্তানের চরিত্রে অভিনয় করা শিশুটিও গাজীপুর থেকে এসেছিল তাঁর মা ও ভ্যানচালক বাবার সঙ্গে।  ছবির শুরুতে সন্তান সঙ্গী হলেও একটা পর্যায়ে গিয়ে একাই ছবিটি দেখতে হয় পরীমনিকে।

কারণ, ছবিটি দেখতে দেখতে একসময় রাজ্য কান্নাকাটি শুরু করে।  এরপর প্রেক্ষাগৃহের সামনে থাকা গাড়িতে ন্যানির কাছে রাজ্যকে রেখে বাকি ছবিটা দর্শকের সঙ্গে বসে দেখেন।  অভিনয়জীবনের শুরু থেকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।  কখনো অ্যাকশন, কখনো ধনীর আদরের কন্যা, যাত্রাপালার নায়িকা কিংবা সংবাদকর্মী।  দীর্ঘ আট বছরের ক্যারিয়ারে বহু চরিত্রে পরীমনিকে পাওয়া গেছে।  প্রথমবারের মতো মায়ের চরিত্রে দর্শকের সামনে এলেন তিনি।  সিনেমার পর্দায় নিজেকে দেখে আবেগাপ্লুত হয়েছেন পরীমনি।

গতকাল বড় পর্দায় নিজেকে মায়ের রুপে দেখে আবেগপ্রবণ হয়েছেন পরীমনি।  স্মৃতিকাতর হয়েছেন।  কখনো আবার কেঁদেছেনও।  পরক্ষণে আবার নিজেকে সামলে নিয়ে শাড়ির আঁচলে চোখ মুছে নিয়েছেন।

ছবির প্রদর্শনী শেষে প্রেক্ষাগৃহের পেছনের দরজা দিয়ে বের হয়ে আসেন পরীমনি।  নিচে থাকা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।  জানান, ‘বড় পর্দায় নিজেকে দেখছি।  আশপাশের সবার অভিব্যক্তিও খেয়াল করছিলাম।  সবাই যেভাবে মগ্ন হয়ে দেখছিল, ইমোশনাল হচ্ছিল—সেসব আমাকে ভীষণভাবে ইমোশনাল করেছে।  আমার জীবনের অন্যতম একটি অধ্যায় হয়ে থাকবে মা।’

কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো, কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে…।  রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গানের লাইনগুলো শোভা পেয়েছে পরীমনির শাড়িতে।  এই সূতির শাড়ি পরেই নিজের সিনেমা দেখতে এসেছিলেন ঢালিউডের আলোচিত এ নায়িকা।  জাতীয় সংগীতের চরণ অঙ্কিত শাড়ির আঁচলে রয়েছে ‘মা’ ছবিতে পরীমনির স্থিরচিত্রও।  সংবাদমাধ্যমের ক্যামেরায় পোজ দেওয়ার পাশাপাশি হাসিমুখে সাধারণ ভক্তদের সেলফির আবদার মেটাচ্ছিলেন।

এরপর ছবির গল্প বলতে বলতে মা পরীমনিও এসে পৌঁছালেন তাঁর সন্তানের কাছে।  গাড়িতে উঠতেই ন্যানির কাছ থেকে মায়ের বুকে লাফ দিয়ে এল রাজ্য।  মা পরীমনিও পরম যত্নে রাজ্যকে বুকে আগলে নিলেন।  কপালে চুমু এঁকে দিলেন। ছুটে চললেন তাঁর বাসার দিকে।  যাওয়ার আগে পরীমনি তাঁর দীপু মামাকে বলে গেলেন, পর্দায় সন্তানের চরিত্রে অভিনয় করা শিশুটি ও তাঁর মা-বাবাকে নিয়ে যেন বাসায় আসে।  কারণ, তাঁদের জন্য দুপুরে তাঁর বাসায় খাবারের আয়োজন করা হয়েছে।  একসঙ্গে নিজের সন্তান ও পর্দার সন্তানকে সঙ্গে নিয়ে তিনি দুপুরের খাবার খাবেন।