৭ নবজাতককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্রিটিশ নার্স

সাত নবজাতককে হত্যার দায়ে এক ব্রিটিশ নার্সকে দোষী সাব্যস্ত করা হয়েছে।  শুক্রবার (১৮ আগস্ট) ম্যাঞ্চেস্টার ক্রাউন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে।  সোমবার (২১ আগস্ট) তাকে দীর্ঘ কারাবাসের সাজা দেওয়া হবে।

লুসি লেটবি নামের ৩৩ বছর বয়সি এই নার্স পাঁচ ছেলেশিশু ও দুই মেয়েশিশুকে হত্যা এবং আরও কয়েকজন নবজাতককে আক্রমণ করার অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন।  নিজেকে ‘ভয়ানক শয়তান ব্যক্তি’ হিসেবে বর্ণনা করা ওই নার্সকে শুক্রবার দোষী সাব্যস্ত করা হয়।

২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে এসব হত্যাকাণ্ড ঘটেছে।  লুসিকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিশু সিরিয়াল কিলার আখ্যা দেওয়া হয়েছে।

বিচারের সময় প্রসিকিউটররা জুরিকে বলেছিলেন, লেটবি কয়েকটি শিশুকে ইনজেকশন দিয়ে ইনসুলিন দিয়েছিলেন, অন্যদেরকে ইনজেকশনের মাধ্যমে বাতাস কিংবা বা জোর করে দুধ দিয়ে খাইয়ে হত্যা করেছেন।  কখনো কখনো শিশুরা একাধিক হামলার শিকার হয়েছে।

লেটবিকে গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে কিছু হাতে লেখা নোট উদ্ধার করেছিল পুলিশ।  এসব নোটের কোনোটিতে লেখা ছিল, ‘আমি তাদের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট ভাল নই, তাই আমি তাদের হত্যা করেছি, কেনোটিতে লেখা ছিল, ‘আমি ভয়ঙ্কর খারাপ মানুষ, ‘আমি খারাপ তাই এটা করেছি  আর কোনটিতে লেখা ছিল ‘আমি শয়তান, আমিই এ কাজ করেছি (আই অ্যাম ইভিল, আই ডিড দিস । ’

লুসি তার অপরাধ গোপন রাখতে সচেষ্ট ছিলেন।  কিন্তু ২০১৫ সালের জানুয়ারি থেকে পরের ১৮ মাসে কাউন্টেস অভ চেস্টার হসপিটালে নবজাতক মৃত্যুর হার অপ্রত্যাশিত রকম বেড়ে গেলে চিকিৎসকরা উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং সন্দেহের উদ্রেক হয়।

লেটবি যাদের আক্রমণ করেছিল তাদের মধ্যে কয়েকজন যমজ ছিল।  একটি ক্ষেত্রে সে যমজ ভাইবোনকে হত্যা করেছিল।  একটি শিশুকে সে তিনবার হত্যার চেষ্টা করেছিল।  চতুর্থবার সে হত্যায় সফল হয়।