দীর্ঘ প্রায় ৪৫ বছর পর ঢাকায় আবার চালু হলো আর্জেন্টিনার দূতাবাস। সোমবার (২৭ফেব্রুয়ারি) আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দের মুহূর্ত। এটি শুধু একটি কূটনৈতিক বিষয় নয়, এটি আবেগপূর্ণ মুহূর্ত।’
আর্জেন্টিনার নতুন দূতাবাসের উদ্বোধন এবং বাণিজ্য ও সাংস্কৃতিক বন্ধন আরও গভীর করতে সোমবার সকালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ঢাকায় আসেন। এ সফরে আর্জেন্টিনার দূতাবাস চালুর পাশাপাশি দুই দেশের মধ্যে ফুটবল ও কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, এর আগে আর্জেন্টিনার সামরিক সরকার ১৯৭৮ সালে ঢাকার দূতাবাস বন্ধ করে দেয়। এর পর থেকে বাংলাদেশের সঙ্গে দেশটির কূটনৈতিক কার্যক্রম ও ভিসা সংক্রান্ত কার্যক্রম ভারতের দূতাবাস থেকে পরিচালিত হচ্ছিল।