২ আসনেই মনোনয়নপত্র বাতিল, আপিল করবেন হিরো আলম

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।

রবিবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘মোট ভোটারের এক শতাংশ সমর্থকের তালিকা মনোনয়নপত্র দাখিলের সময় দিতে হয়।  সেখানে হিরো আলমের সমর্থকের স্বাক্ষরে কিছু গড়মিল পাওয়া গেছে।  ফলে নির্বাচন বিধি অনুযায়ী, উনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

তিনি আরও বলেন, প্রার্থী চাইলে তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

তবে হিরো আলম বলেন, ‘আমি আগেরবার যে ভুল করেছি সে ভুলটা এবার করিনি।  তবুও আমার দুটো আসনেই মনোনয়ন বাতিল করা হলো।  আগামীকাল সোমবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল করব।  এরপরও যদি না হয় তাহলে উচ্চ আদালতে রিট করব।’

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম।  কিন্তু জাতীয় পার্টি তাকে মনোনয়ন দেয়নি।  তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও দুই দফায় যাচাই-বাছাই করার পর তার সেই মনোনয়ন বাতিল করা হয়।

পরবর্তীতে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি।  তবে নির্বাচনে অংশ নিয়ে হেরে যান হিরো আলম।

সম্প্রতি বিএনপির সংসদ সদস্য পদত্যাগের পর নতুন করে বগুড়ার দুটি আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

‘ভোটারদের চাওয়ার মুখে’এবার বগুড়া ৪ ও ৬ আসন থেকে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেন দেশের আলোচিত এই ইউটিউবার।