শাহানশাহ সৈয়দ জিয়াউল হক ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন এস জেড এইচ এম বৃত্তি তহবিল থেকে ২৭ জন মেধাবী শিক্ষার্থীকে শনিবার বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ট্রাস্ট মিলনায়তনে বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।
ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম ডি জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট’।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ সদস্য ও কর্ণফুলি আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন এবং বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ সদস্য ও লতিফা সিদ্দীকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া।
মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ৬জন প্রতিবন্ধী শিক্ষার্থী, মাধ্যমিক পর্যায়ে তিনজন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনজন, অনার্স (সম্মান) পর্যায়ে ১২ জন, মাস্টার্স ও স্নাতকোত্তর পর্যায়ে তিনজন সহ মোট ২৭ জনকে বৃত্তি প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন এবং বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ সদস্য আবু সালেহ সুমন।