আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৯০ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি তার নির্বাচনী জনসভায় বলেন, বারখাইন ইউনিয়নটি আওয়ামীলীগের জন্য অতন্ত্য গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন। বারখাইনের জনগণ দুঃসময়ে নৌকার পক্ষে ছিলো। উন্নয়নের কারণেই আজও বারখাইনের জনগণ নৌকার পক্ষেই অবস্থান নিয়েছে। সেই সময়কার কথা আমি এবং আমার পরিবার সবসময় মনে রাখে। আমার বাবা সবমসময় আপনাদের পাশে ছিলেন আমিও আছি, আগামীতেও থাকব।
আওয়ামী লীগের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, জাতির পিতা আমাদের একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে। তিনি গত ১৫ বছরে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছে, গর্ব করার মতো অবস্থানে নিয়ে এসেছে। আজকে বাংলাদেশ স্বনির্ভর। ক্ষুধা মুক্ত, দারিদ্র্যমুক্ত, অসম্প্রদায়িক বাংলাদেশ করার মিশন আজ পূর্ণ হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে। বাংলাদেশের মানুষ স্মার্ট জনগণ হয়েছে। টানেলের প্রথম উপকারভোগী আনোয়ারাবাসী। শহরের মানুষের বিমানবন্দর যেতে যতসময় লাগে তার চেয়ে অর্ধেক সময়ের মধ্যে আনোয়ারার মানুষ বিমানবন্দরে পৌঁছে যাচ্ছে।
শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৮টায় তৈলারদ্বীপ এরশাদ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, আগে ভাই-বোনের সম্পত্তি খেয়ে ফেলতো, বোনের সম্পত্তি নিয়ে ফেলতো। তাই আমি বর্তমান এবং ভবিষ্যৎ ঠিক করে যাওয়ার জন্য “দলিল যার জমি তার” আইন করেছি। কেউ অন্যায়ভাবে কারো জায়গা দখল করলে ৭বছরের জেল। আমি থাকাবস্থায় এ আইনগুলো প্রণয়ন করে গেছি। নিজের নামে কেউ ৬০বিঘার চেয়ে বেশি জমি রাখতে পারবে না। ভূমিমন্ত্রণালয়কে একটা নিয়মনীতির মধ্যে নিয়ে এসেছি।
এসময় বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস.এম.আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাহাউদ্দীন খালেক শাহজী, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ, জাহেদুল হক, নুর হোসেন, নজরুল আনচারী মুজিব, রিদোয়ানুল হক রহিম, পারভীন হাবিব, আলী আজগর, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, এরশাদ আলী সোহেল প্রমুখ।
সভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।