১৮ বছরের নিচে যেকোনো গাড়ির চালককে গ্রেফতার করা হবে : এডিসি কীর্তিমান

চালকের সিটে ১৮ বছরের নিচে যাকে পাওয়া যাবে তাকেই গ্রেফতার করা হবে। এই অপরাধে সর্বনিম্ন ৩ দিনের জেল এবং সর্বোচ্চ ১ থেকে ৩ মাসের জেল ও জরিমানা হতে পারে। চালক ও হেলপারদের সচেতনতা এবং সর্তকতার জন্য এসব জরুরি।

বুধবার (৩০ আগস্ট) চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের বালুরটাল এলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পরিবহনের চালক ও হেলপারদের ট্রাফিক সচেতনতা ও প্রশিক্ষক শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত অতিরিক্ত উপ-পুলিশ কুমিশনার (ট্রাফিক-উত্তর) কীর্তিমান চাকমা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি বন্দর জোনে ট্রাফিক বিভাগে চাকরি করা অবস্থায় ১৮ বছরের নিচে যেকোনো গাড়ির ক্ষেত্রে ড্রাইভিং অবস্থায় যাকেই পেয়েছি তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছি। মানুষের জানমালের নিরাপত্তায় এবিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না।

টিআই এডমিন কামাল হোসেনের সঞ্চালনায় টিআই রেজাউল করিম খান রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি (ট্রাফিক-উত্তর) আসিফ মাহমুদ গালীব। এ সময় আরও বক্তব্য রাখেন, টিআই আলমগীর, টিআই উত্তম কুমার ও টিআই বিপুল পাল।

তারা বলেন, গাড়ি চালানোর সময় চালকরা আগে কিংবা দ্রুত যাওয়ার জন্য অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত থাকেন, যা মোটেও কাম্য নয়। গোল চত্ত্বরে গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামা করাতে যানজটের তীব্র যানজটের সৃষ্টি হয়। গাড়ি চালানোর ক্ষেত্রে নিজের ও পরের ক্ষতিসাধন থেকে বিরত থাকতে হবে।