১৫ আগস্ট দেশে সাইবার হামলার হুমকি

দেশের ব্যাংক, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান আগামী ১৫ আগস্ট সাইবার হামলার শিকার হতে পারে বলে সতর্কতা জারি করেছে সরকার।

বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-জিওভি সিআইআরটি) আজ শুক্রবার এ সতর্কতা জারি করেছে।

রেসপন্স টিম জানিয়েছে, ধর্মভিত্তিক আন্ডারগ্রাউন্ড হ্যাকার গ্রুপ এ হামলার হুমকি দিয়েছে।

সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে। এসব প্রতিষ্ঠানকে ছোট বা মাঝারি ধরনের সাইবার হামলা ঠেকানোর জন্য পূর্বপ্রস্তুতি নিতে বলা হয়েছে।

বিজিডি ই-জিওভি সিআইআরটি’র প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় সতর্ক ব্যবস্থা নিতে বলা হয়েছে।