১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি সারা দেশে আওয়ামী লীগ ছাড়াও স্বাধীনতার স্বপক্ষের শক্তি পালন করেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) শোক দিবসের অনুষ্ঠানে ছিলেন না চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। তিনি কোথাও দিবসটি পালন করেছেন কি না তাও সঠিক জানেন না এ সংসদীয় আসনের নেতারাও।
জানা গেছে, শোক দিবস উপলক্ষে সংসদীয় আসনের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ কর্মসূচিতে ছিলেন না এমপি আবু রেজা নদভী।
অপরদিকে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হলেও সেখানেও দেখা মেলেনি আবু রেজা নদভীর।
জানতে চাইলে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, আমাদের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ২০১৪ সালে থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি তখন থেকে থানা আওয়ামী লীগের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। থানা আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে আসেন না। তিনি আওয়ামী লীগের জাতীয় কোনো অনুষ্ঠানও করেন না। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কোনো অনুষ্ঠানে তিনি লোহাগাড়ায় ছিলেন না।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী আওয়ামী লীগ করার বয়স বেশি দিন হয়নি। যারা সত্যিকার আওয়ামী লীগার তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের দিন নানা অনুষ্ঠানে জাতির জনককে স্মরণ করেন। হয়তো তিনি এখনো আওয়ামী লীগার হতে পারেননি।
এদিকে সাতকানিয়া-লোহাগাড়ার আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, সংসদ সদস্য নদভী হয়তো জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোকাহত। কারণ তিনিও জামায়াত ঘেঁষা ছিলেন। তার শ্বশুর জামায়াতের কেন্দ্রীয় নেতা ছিলেন। তার সাথে জামায়াতের যে সম্পর্ক তা সবাই জানে। কাজেই তিনি আওয়ামী লীগের এমপি হলেও মনেপ্রাণে এখনও জামায়াতি আদর্শ বুকে রেখেছেন বলে মনে হচ্ছে।
এসব বিষয়ে জানতে সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগরা করা হয়। কিন্তু তার বক্তব্য পাওয়া যায়নি।