সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকা ব্যতীত সব মহানগরে (নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম) পদযাত্রার ঘোষণা দিয়েছে বিএনপি।। আগামী ২৩ ও ২৮ মে এ কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, ১০ দফা দাবিতে বুধবার আমরা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পদযাত্রা কর্মসূচি পালন করেছি। আমাদের কর্মসূচি সফল হয়েছে। একই দাবিতে আগামী ২৩ ও ২৮ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ব্যতীত বাকি ১০টা মহানগরে এ কর্মসূচি পালিত হবে।
এ সময় তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আব্দুস সালাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।