১০দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল সোমবার থেকে শুরু

চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ

বন্দর নগরী চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে আহলে বায়তে রাসুলের স্মরণে ৮ জুলাই সোমবার থেকে শুরু হচ্ছে দশ দিনব্যাপী ৩৯ তম শাহাদাতে কারবালা মাহফিল। মাহফিলে বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার,পীর মাশায়েখ আহলে বায়তে রাসুলের মান -মর্যাদা নিয়ে আলোচনা করবেন।

আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে শাহাদাত -এ-কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ আয়োজিত সংবাদ সম্মেলনে পর্ষদের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক সুফি মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেন,‘বিদ্যার সঙ্গে মানবিক গুণাবলীর সমন্বয় করতে না পারলে সমাজে এর বিরূপ প্রভাব পড়বে। তাই পবিত্র হৃদয়ের উন্মেষ ঘটাতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। বর্তমানে পড়াশোনার পরও মানুষের মধ্যে মানবিক গুণাবলী কমে যাচ্ছে।

আলোচনায় অংশ নিবেন ইরাকের সৈয়দ আল্লামা আফিফুদ্দিন আল-জিলানি আল-বাগদাদি, ভারতের শাহ সুফি মাহমুদ আশরাফ আস-সিমনানি, শাহ সুফি সৈয়দ মোহাম্মদ নূরানি মিয়া আশরাফি, হজরত সৈয়দ আশরাফ আল আশরাফি, মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বারকাতি প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, কারবালা মাহফিলের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ, জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন,পরিচালনা পর্ষদের জেনারেল সেক্রেটারী প্রফেসর কামাল উদ্দীন আহমদ, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার সহ আরো অনেকে।