চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইয়াহিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৩ জুন) দিবাগত রাত দেড়টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাওলানা ইয়াহিয়ার ছেলে মাওলানা মোহাম্মদ জুনাইদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃতকালে মাওলানা ইয়াহিয়ার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী মাদরাসায় অসুস্থ হয়ে পড়লে মাওলানা ইয়াহিয়াকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে পরিচিত হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর মাওলানা ইয়াহইয়া দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দীর্ঘদিন হেফাজতের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক ছিলেন। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হলে মাদ্রাসার প্রধান মুফতি আবদুস সালামকে প্রধান করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল।
২০২১ সালের ৮ সেপ্টেম্বর আবদুস সালামকে মহাপরিচালক ও ইয়াহইয়াকে সহকারী পরিচালক ঘোষণার পরপরই আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন বৈঠকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মুফতি আবদুস সালামের জানাজার পরপরই ইয়াহইয়াকে মহাপরিচালক ঘোষণা করা হয়।
এমএফ