ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়া। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে এই নায়িকাকে।
বিষয়টি নিশ্চিত করেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার।
মেয়ের অসুস্থতা নিয়ে মা পারভিন আক্তার জানান, ‘ফারিয়া গত কয়েকদিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিল। কোনোকিছু খেতে চাচ্ছিল না, খুব মাথা ব্যাথা করছিল। গতকাল বিকেল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপরে তাৎক্ষণিক ফারিয়াকে বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই।’
নুসরাত ফারিয়া অভিনেয়ের পাশাপাশি মডেল, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। ঢালিউড ও টালিউডে বেশিরভাগ চলচ্চিত্রে কাজ করেন অভিনেত্রী।
২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
বর্তমানে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন।