বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন,‘মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে শারীরিক চেকআপ করতে ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে এসেছেন। কয়েকটি পরীক্ষা করতে সময় লাগবে। সেজন্য ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন আছেন।
৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ‘ফিরোজা’য় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। সর্বশেষ গত ২৭ ফেব্রæয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে যান।
গুলশানের বাসা বিএনপি চেয়ারপারসন থেকে হাসপাতালে যাওয়ার সময়ে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, কামরুজ্জামান রতন, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানি, যুবদলের মামুন হাসান, শফিকুল ইসলাম মিল্টন, ইছহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রফিকুল আলম মজনু, ইশরাক হোসেন, তানভীর আহমেদ রবিন।