স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর আরামবাগে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে মোছা. শারমিন আক্তার (২১) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে।

শারমিন আক্তার বরগুনা সদরের কুমারখালী গ্রামে জাকির হোসেনের মেয়ে।  তার স্বামীর নাম হৃদয় হোসেন।  বর্তমানে মতিঝিলের আরামবাগ এলাকার একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

পুলিশ জানায়, ‘স্বামী হৃদয়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে শারমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিজের কক্ষে গিয়ে গলায় ফাঁস দেন।  খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।  কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. মনাক্কা খাতুন জানান, সাড়ে তিন বছর আগে হৃদয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে তার মেয়ের বিয়ে হয়।  তাদের একটি ছেলে সন্তান রয়েছে।  স্বামীর সঙ্গে ঝগড়া করে শারমিন নিজ কক্ষে গলায় ফাঁস দেন। প্রাথমিকভাবে শারমিন আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।  তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।